আশুগঞ্জে বিপুল পরিমাণ চোরাচালানকৃত শাড়ি উদ্ধার, দুই কারবারী গ্রেফতার

লেখক: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ৬ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত মালামালসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা ৫ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম সোনারামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১৬৮ পিস কাতান ও বেনারসি শাড়ি এবং একটি ছোট পিকআপ গাড়ি জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ পদ্ধতিতে মালামালগুলো জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—
১) উজ্জল পাল (৪২), পিতা- রেনু পাল, মাতা- সুমিত্রা রাণী পাল; সাং- শিমুলহাটি, থানা- তাড়াইল, জেলা- কিশোরগঞ্জ।
২) ফজলে রাব্বী প্রকাশ হৃদয় (২৭), পিতা- রবিন প্রকাশ মোঃ মিন্টু, মাতা- পারভীন বেগম; সাং- মামুনতুক্তি (রাতুন্দী, তালতলী), থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালী।

আশুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশের ধারণা, আটককারীদের মাধ্যমে একটি বড় চোরাচালান সিন্ডিকেটের সূত্র খুঁজে পাওয়া যেতে পারে।