বিএনপি নেতার গোয়ালঘরে ড্রামভর্তি পেট্রোল, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লেখক: Arisha Eme
প্রকাশ: ১ মাস আগে
বিএনপি নেতার গোয়ালঘরে ড্রামভর্তি পেট্রোল, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক বিএনপি নেতার বাড়ির গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দাঁতভাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকারী রাফিউর রহমান ওই পেট্রোল জব্দ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাহানের বাড়ির গোয়ালঘরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রামভর্তি পেট্রোল ও তেল বিক্রির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় অভিযুক্ত আবু জাহান ও তার ছেলে এরশাদুল হক কেউ উপস্থিত ছিলেন না। পরে জাহানের ছোট ছেলে হারুনুর রশিদ জরিমানার অর্থ পরিশোধ করেন।

স্থানীয়দের অভিযোগ, জ্বালানি সংকটের সুযোগ নিয়ে আবু জাহান বিভিন্ন পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে মজুত করতেন এবং তার ছেলে এরশাদুল বাজারে চড়া দামে বিক্রি করতেন। প্রতি লিটার পেট্রোল ২০০ থেকে ২৫০ টাকা, এমনকি কখনো ৩০০ টাকা দরে বিক্রির অভিযোগও রয়েছে।

তবে হারুনুর রশিদ দাবি করেন, তাদের পরিবারের মোটরসাইকেল ব্যবহারের জন্যই পেট্রোল সংরক্ষণ করা হয়েছিল। যদিও এত পরিমাণ তেল সংরক্ষণের যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম বলেন, বিষয়টি ব্যক্তিগত হলেও সাংগঠনিকভাবে সংশ্লিষ্ট নেতাকে সতর্ক করা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান জানান, অবৈধভাবে বসতবাড়িতে পেট্রোল মজুত করায় জরিমানা করা হয়েছে এবং জব্দ করা তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • বিএনপি নেতার গোয়ালঘরে ড্রামভর্তি পেট্রোল
  • ভ্রাম্যমাণ আদালতের অভিযান