বিনিয়োগ ও শিল্প খাত ঘুরে দাঁড়াতে প্রধানমন্ত্রীর বৈঠক: ব্যবসায়ী নেতাদের সঙ্গে নতুন উদ্যোগ
দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্প খাতের সংকট উত্তরণে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় এ এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা অংশ নেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানান, এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। এর মাধ্যমে নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের প্ল্যাটফর্ম তৈরি হবে।
সরকারের আশা, এই উদ্যোগের মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, শিল্প খাতের বিদ্যমান সংকট নিরসন এবং অর্থনীতির গতি আরও ত্বরান্বিত করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও বেগবান করবে এবং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে।
