
লালমনিরহাট থেকে লক্ষ্মীপুরে আনার পথে একটি যাত্রীবাহী বাসের নিচের বক্সে দমবন্ধ হয়ে ৪৫টি ছাগলের মৃত্যু হয়েছে। প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের দায়ে বাসের সুপারভাইজার ও ছাগল মালিককে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—লালমনিরহাটের সাপটানা এলাকার বাস সুপারভাইজার মো. আবুল হাসেম এবং লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের ব্যবসায়ী মো. ফারুক।
জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) লালমনিরহাট থেকে একটি যাত্রীবাহী বাসের নিচের বক্সে গাদাগাদি করে ৪৫টি ছাগল লক্ষ্মীপুরে আনা হচ্ছিল। এর মধ্যে ব্যবসায়ী ফারুকের ২১টি, সফিকের ১৬টি এবং নোয়াখালীর এক ব্যবসায়ীর ৮টি ছাগল ছিল। দীর্ঘ পথযাত্রা, তীব্র গরম এবং পর্যাপ্ত বাতাসের অভাবে শুক্রবার রাতেই সবগুলো ছাগল মারা যায়।
এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী ফারুক। ছাগলগুলোর মৃত্যুকে কেন্দ্র করে মালিক ও বাস কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ উভয় পক্ষকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করে।
সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন সোহেল রানা জানান, প্রাণীদের প্রতি এমন নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন অনুযায়ী উভয় পক্ষকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মৃত ছাগলগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
এ ঘটনায় সচেতন মহল প্রাণী পরিবহনে মানবিক ও নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
