নোয়াখালী কলেজে হামলা-ভাঙচুর: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ১ জনের পদ স্থগিত
নোয়াখালী সরকারি কলেজ-এ শিক্ষকদের হেনস্তা, হত্যার হুমকি এবং অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার এবং একজনের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একইসঙ্গে আরেকজন নেতাকে শোকজ করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন সিনিয়র সহ-সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ-সভাপতি আক্তারুজ্জামান বিশাল এবং সহ-সাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওন। পাশাপাশি সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। সাবেক সভাপতি আকবর হোসেনকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে শোকজ করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্তে অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
অভিযোগ অনুযায়ী, কলেজে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক মধ্যাহ্নভোজে থাকা অবস্থায় ছাত্রদলের একটি গ্রুপ অতর্কিতে হামলা চালায়। এ সময় অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে। বাংলা বিভাগের এক শিক্ষককে শারীরিকভাবে হেনস্তা এবং ইসলামিক স্টাডিজ বিভাগের একজন শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
ঘটনার পর কলেজ শিক্ষক পরিষদ জরুরি সভা করে চার দফা দাবি জানায়, যার মধ্যে ছিল হামলাকারীদের ছাত্রত্ব বাতিল, মামলা ও শাস্তি নিশ্চিতকরণ এবং বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি। পরে দলীয় ব্যবস্থা নেওয়ার খবর জানার পর শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার করেন এবং পূর্বঘোষিত পাল্টা কর্মসূচিও স্থগিত করা হয়।
