
নিহত রিমন মিয়া নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের ফোরকান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের নাকের ওপরে গুলির চিহ্ন পাওয়া গেছে।
নিহতের চাচাতো বোনের জামাই জয়নাল আবেদিন জানান, কিছুদিন আগে বড়িকান্দি এলাকায় কয়েকজনের সঙ্গে রিমনের মারামারির ঘটনা ঘটেছিল। এরপর থেকে তিনি নরসিংদীতে বোনের বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মরদেহের ছবি দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।
তিনি আরও বলেন, “কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।”
এ বিষয়ে মোহাম্মদ ইয়াছিন বলেন, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
