কোরবানির হাটে আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’!
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে শুরু হয়েছে বাহারি নামের পশুর আনাগোনা। তবে এবার সবার নজর কেড়েছে নারায়ণগঞ্জের এক বিশাল আকৃতির মহিষ, যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্ম-এর এই মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, এটি বিরল ‘এলভিনো’ জাতের মহিষ। গোলাপি আভাযুক্ত সাদা রঙ এবং কপালের চুলের বিশেষ কাটিংয়ের সঙ্গে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মিল থাকায় শখের বশেই এমন নাম রাখা হয়েছে।
ব্যতিক্রমী নামের কারণে প্রতিদিন অসংখ্য মানুষ খামারে ভিড় করছেন মহিষটিকে এক নজর দেখতে। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর এটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
খামার কর্তৃপক্ষ জানায়, অনেকেই মহিষটি কিনতে আগ্রহ প্রকাশ করলেও এটি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। এক শৌখিন ক্রেতা আগাম বুকিং দিয়ে রেখেছেন ‘ডোনাল্ড ট্রাম্প’কে।
খামারের কর্মচারীরা জানান, মহিষটিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে। প্রতিদিন ঘাস, ভুট্টা ও ভুসিসহ সাধারণ দানাদার খাবার খাওয়ানো হয়। শান্ত স্বভাবের হওয়ায় বিশেষ যত্নে বড় করা হয়েছে এটিকে।
স্থানীয়দের মতে, কোরবানির পশুর হাটে ‘রাজা’, ‘সুলতান’, ‘বাহুবলী’ নামের পশুর প্রচলন আগেও ছিল। তবে এবার বিশ্ব রাজনীতির আলোচিত ব্যক্তিত্বের নামে মহিষের নামকরণ করায় কোরবানির বাজারে নতুন মাত্রার কৌতূহল তৈরি হয়েছে।
