ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা: প্রধান অতিথি কবির আহমেদ ভূইয়া

লেখক:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ফ্রান্সের উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ফ্রান্সের অন্যতম সদস্য জনাব গোলাম হাক্কানি তারেকসহ ফ্রান্স প্রবাসী অসংখ্য ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ ও প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসী।

রাকিবুর রহমান উজ্জলের সভাপতিত্বে এবং মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন, প্রবাসীদের অবদান এবং সামাজিক কর্মকাণ্ড নিয়ে গুরুত্বারোপ করেন।

এসময় বক্তব্য দিতে গিয়ে জনাব গোলাম হাক্কানি তারেক বলেন, আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন ও তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি আরও বলেন, কবির আহমেদ ভূইয়ার ব্যবসায়িক দক্ষতা ও সফল ব্যবস্থাপনা ফ্রান্সে বসবাসরত ব্যবসায়ীদের জন্য অনুপ্রেরণার উৎস। পাশাপাশি তিনি উল্লেখ করেন, কবির আহমেদ ভূইয়ার এক ভাইও ফ্রান্সে সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া ব্রাহ্মণবাড়িয়ার সম্ভাবনা, উন্নয়ন ও প্রবাসীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একইসঙ্গে তিনি ফ্রান্সে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীদের সফলতা কামনা করেন এবং এ আয়োজনের জন্য ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ফ্রান্সকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।