ঈদে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

লেখক: Arisha Eme
প্রকাশ: ১ মাস আগে
ঈদে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশনে টানা আট দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময়েও ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের ছুটিকে কেন্দ্র করে ২৫ মে থেকে বন্দর এলাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রাখা হবে। ফলে স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশনে টানা আট দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াতে কোনো বাধা থাকবে না।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইমিগ্রেশন, বিজিবি, ভারতের চ্যাংড়াবান্ধা এবং ভুটানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, “ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আট দিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ জুন থেকে যথারীতি সব কার্যক্রম চালু হবে।”

বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক সাইফুর রহমান জানান, বন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধের চিঠি তারা পেয়েছেন। তবে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে এবং পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

এদিকে, বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, “ঈদ উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আমাদের চিঠি দিয়েছে।”

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমানও বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • ঈদে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম