আচার বিক্রির আড়ালে দালাল চক্রের নিয়ন্ত্রণ, গেইট এলাকার ব্যবসায়ীকে ঘিরে চাঞ্চল্য

লেখক: লিটন হোসাইন জিহাদ
প্রকাশ: ৩ মাস আগে
আচার বিক্রেতার আড়ালে দালাল চক্রের গডফাদার!

বাহ্যিকভাবে সাধারণ আচার বিক্রেতা হলেও ভেতরে ভেতরে একটি সক্রিয় দালাল চক্রের অন্যতম সমন্বয়ক হিসেবে কাজ করছেন এক ব্যক্তি—এমন গুরুতর অভিযোগ উঠেছে সদর এলাকার গেইট সংলগ্ন এক আচার ব্যবসায়ীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সদরের প্রধান গেইটের ডান পাশে দীর্ঘদিন ধরে আচার বিক্রি করে আসছেন ওই ব্যক্তি। সাধারণ ব্যবসায়ী পরিচয়ের আড়ালে তিনি বিভিন্ন দালাল চক্র, বিশেষ করে নারী দালালদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, গেইট এলাকায় অবস্থান নেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন ব্যক্তি, সেবাপ্রার্থী ও প্রতিষ্ঠানের গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দালালদের কাছে পৌঁছে দেন।

অভিযোগ রয়েছে, কোনো ব্যক্তি কোথা থেকে এসেছে, কী কাজে এসেছে কিংবা কোন অফিসে যাবে—এসব তথ্য আগেভাগেই সংশ্লিষ্ট দালালদের জানিয়ে দেওয়া হয়। পরে দালাল চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে সেই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কাজ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অতিরিক্ত টাকা আদায় করে থাকে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গেইটকেন্দ্রিক এই দালাল সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছে। সাধারণ মানুষ বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা সেবাপ্রার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই প্রয়োজনীয় সরকারি বা বেসরকারি সেবা নিতে গিয়ে বাধ্য হয়ে দালালদের শরণাপন্ন হচ্ছেন এবং অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, প্রকাশ্যে আচার বিক্রি করলেও দিনের অধিকাংশ সময় ওই ব্যক্তিকে বিভিন্ন দালাল ও সন্দেহভাজন লোকজনের সঙ্গে গোপন আলাপ করতে দেখা যায়। তাদের দাবি, পুরো বিষয়টি একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং এর পেছনে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারেন।

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, সাধারণ ব্যবসার আড়ালে যদি সত্যিই দালাল চক্র পরিচালিত হয়ে থাকে, তাহলে তা জনস্বার্থ ও আইনশৃঙ্খলার জন্য উদ্বেগজনক। তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • আচার বিক্রেতার আড়ালে দালাল চক্রের গডফাদার!