দাউদকান্দির দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি
কুমিল্লার দাউদকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও চালক।
রোববার ভোর থেকে শুরু হওয়া এ যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও তীব্র আকার ধারণ করে। মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে দীর্ঘস্থায়ী এই স্থবিরতায় দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
যানজটে আটকে থাকা যাত্রীরা জানান, বালুয়াকান্দি ও জামালদি বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন স্থির হয়ে রয়েছে। দীর্ঘ সময় আটকে থাকায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েছেন। অনেক চালককে ক্লান্ত ও ঘুমজড়িত অবস্থায় গাড়িতে অপেক্ষা করতে দেখা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায়ই এমন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এ বিষয়ে শাহ কামাল আকন্দ জানান, দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার জেরেই মূলত এই যানজটের সূত্রপাত হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, খুব দ্রুত সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।
