রামিসা হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে, আজই রায়ের দিন ঘোষণা হতে পারে

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
রামিসা হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে, আজই রায়ের দিন ঘোষণা হতে পারে

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার বহুল আলোচিত মামলার বিচার কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে বিচারিক কার্যক্রম সমাপ্ত হবে। এরপর ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণার জন্য দিন ধার্য করবেন। ধারণা করা হচ্ছে, আজই রায়ের তারিখ নির্ধারণ করা হতে পারে।

শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আজিজুর রহমান দুলু আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে আদালতে যুক্তি উপস্থাপন করেন। এরপর আদালত নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মুসা কলিমূল্যাহ তার মক্কেলদের পক্ষে বক্তব্য উপস্থাপন করবেন।

এর আগে আত্মপক্ষ সমর্থনের সময় মামলার প্রধান আসামি সোহেল রানা নিজের অপরাধ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে ‘ডলার’ নামের আরেক ব্যক্তির শাস্তিরও দাবি জানান। তবে অপর আসামি ও সোহেলের স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন।

উল্লেখ্য, গত ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন একদিনেই রামিসার বাবা-মা ও বোনসহ মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। এরপর আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্কের মাধ্যমে মাত্র চার কার্যদিবসেই মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছেছে।

  • আজই রায়ের দিন ঘোষণা হতে পারে
  • রামিসা হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে