‘মানুষ ভুল করেনি, বিএনপি উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়’: মির্জা ফখরুল

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ মাস আগে
‘মানুষ ভুল করেনি, বিএনপি উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়’: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণমাধ্যমসহ সবখানে জামায়াতে ইসলামীর জয়ের যে হাইপ বা জোয়ার তোলা হয়েছিল, দেশের সচেতন জনগণ ভোটের মাধ্যমে তা নাকচ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উল্লেখ করেন, সেই সময় প্রোপাগান্ডার মাধ্যমে তাকেও পরাজিত করে দেওয়া হয়েছিল। তবে দেশের মানুষ কোনো ভুল করেনি, তারা ভোটের মাধ্যমে বিএনপিকে বেছে নিয়েছে। কারণ বিএনপি একটি উদার গণতন্ত্রে বিশ্বাসী দল এবং তারা দেশে কোনো বিভাজন না রেখে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়।

বৃহস্পতিবার (৪ জুন) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পিআইবি আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানের বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদ্রোহ ঘোষণার ঐতিহাসিক গুরুত্ব এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ১৯৭১ সালে তিনি নিজে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পূরক হিসেবে সম্পৃক্ত ছিলেন এবং খুব কাছ থেকে যুদ্ধের ভয়াবহতা, পাকিস্তানি বাহিনীর নির্মমতা ও নারীদের ওপর নির্যাতন দেখেছেন। সে কারণেই সে সময়কার ঘটনাকে কখনো ক্ষমা করা যায় না এবং ১৯৭১ সালের যুদ্ধকে অন্য কোনো যুদ্ধের সঙ্গে মেলানো যায় না। তিনি জিয়াউর রহমানকে একজন অনন্য ও ক্ষণজন্মা পুরুষ হিসেবে আখ্যায়িত করেন, যিনি ঘোষণার মাধ্যমে যুদ্ধ শুরু করেছিলেন এবং ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর মাধ্যমে এ ভূখণ্ডের মানুষকে একটি সম্পূর্ণ স্বতন্ত্র অস্তিত্ব ও পরিচিতি দিয়েছিলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি চমৎকার স্লোগান দিয়েছেন, যা হলো ‘সবার আগে বাংলাদেশ’। এই স্লোগানের মধ্যে কোনো জটিলতা নেই, এটি মূলত শহীদ জিয়াউর রহমানের ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানেরই প্রতিফলন। শহীদ জিয়ার রাজনীতির মূল বৈশিষ্ট্য ছিল দেশের মানুষকে নিয়ে সব ধরনের আধিপত্য ও প্রভাবের বাইরে একতাবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। দেশের মানুষের অকৃত্রিম দেশপ্রেমের উদাহরণ দিতে গিয়ে তিনি ক্রিকেট খেলার প্রসঙ্গ টেনে বলেন, পাকিস্তান বা ভারত যার সঙ্গেই খেলা হোক না কেন, বাংলাদেশের মানুষ সবসময় নিজেদের দেশের পক্ষেই চিৎকার করে। কারণ তারা দেশকে ভালোবেসে নিজেদের মতো করে দাঁড়াতে চায়। শহীদ জিয়ার জানাজায় লাখো মানুষের কান্নার স্মৃতি স্মরণ করে তিনি বলেন, সেদিন ইমাম সাহেব যখন মোনাজাতে দেশ হেফাজতের দোয়া করেছিলেন, তখন মানুষের বুকফাটা কান্না পুরো পরিবেশ পাল্টে দিয়েছিল।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন শহীদ জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি ও দূরদর্শিতার প্রশংসা করে বলেন, ১৯৭৫ সালের আগের কূটনীতি, অর্থনীতি এবং একদলীয় শাসনব্যবস্থার কাঠামো থেকে বের হয়ে বহুদলীয় শাসনব্যবস্থা ফিরিয়ে এনেছিলেন জিয়াউর রহমান। আন্তর্জাতিক দাতা সংস্থা, মুসলিম বিশ্ব এবং বৃহৎ প্রতিবেশী ভারতকে সঙ্গে নিয়ে সার্ক গঠনের নায়কও ছিলেন তিনি। তিনি দেখিয়েছিলেন কীভাবে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে কাজ করতে হয়। বর্তমান প্রেক্ষাপট টেনে তথ্যমন্ত্রী বলেন, ভারত-চীন থেকে আমদানি বা আমেরিকায় রপ্তানি বন্ধের মতো আত্মঘাতী ভাবনা বাদ দিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো আমাদের একত্রে মোকাবিলা করতে হবে।

পিআইবি আয়োজিত এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মুশতাক খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল (অব.) এএনএম মনিরুজ্জামান, বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রূশদ এবং ব্রেইনের নির্বাহী পরিচালক ড. শফিকুর রহমান।

  • ‘মানুষ ভুল করেনি
  • বিএনপি উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়’: মির্জা ফখরুল