হারুন আল রশিদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ পালিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
দিবসটি উপলক্ষে কাউতুলী পুলিশ বক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পৌঁছায়। সেখানে বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে র্যালিটি একীভূত হয়। পরে যৌথভাবে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান
সমাবেশে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের দীর্ঘদিনের আন্দোলন ও অবদানের কথা স্মরণ করেন বক্তারা। তাঁরা বলেন, ব্যক্তিগত জীবনের গভীর বেদনাকে মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দেওয়ার মধ্য দিয়ে যে উদ্যোগের সূচনা হয়েছিল, তা আজ দেশব্যাপী জনসচেতনতামূলক আন্দোলনে পরিণত হয়েছে।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে একে অপরকে দোষারোপ না করে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। দক্ষ ও প্রশিক্ষিত চালকের হাতে যানবাহন তুলে দেওয়া, চালকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সড়কে নিয়মশৃঙ্খলা নিশ্চিত করা জরুরি।
তাঁরা আরও বলেন, ফুটপাত দখলমুক্ত রাখা, পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা এবং পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে। এ জন্য প্রশাসন, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
জেলার চার শ্রেষ্ঠ চালককে সম্মাননা
অনুষ্ঠানে পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ চারজন চালককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন নেতাদের উপস্থিতি
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ, পুলিশ সুপার মু. জয়নাল উদ্দিন ফারিম, সিভিল সার্জন ডা. মোছা. মিজানুর রহমান, ধৌরিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির আলম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম ইলিয়াস, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল ইসলাম এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রেদওয়ান আলী।
এ ছাড়া অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, জেলা তথ্য কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা, স্থানীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং বাস, মিনিবাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রত্যয়ে দিবসটির কর্মসূচি পালিত হয়।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।