— বিজ্ঞাপন —

পটুয়াখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: যুবদল নেতার গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গৃহবধূ ফারহানা ইয়াসমিন শিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল মাহমুদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও থানা ঘেরাও করা হয়েছে।
2-1793618147
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ ডেস্ক: ২ নভেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গৃহবধূ ফারহানা ইয়াসমিন শিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল মাহমুদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী।

সোমবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী স্থানীয় থানার সামনে অবস্থান নেন। এ সময় ফারহানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এনে অবিলম্বে হত্যা মামলা গ্রহণ এবং অভিযুক্ত রাসেল মাহমুদকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

নিহত ফারহানা ইয়াসমিন শিলা উপজেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক সাজাদুল ইসলাম শামীমের মেয়ে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

এর আগে গত শুক্রবার সকালে উপজেলার সদর এলাকার বাহেরচর বাজারসংলগ্ন নিজ বাসা থেকে ফারহানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, তারা শুরু থেকেই এ ঘটনায় হত্যা মামলা দায়ের করতে চাইলেও পুলিশ তা গ্রহণ না করে অপমৃত্যুর মামলা নথিভুক্ত করেছে। পরিবারের সদস্যদের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা নয়; ফারহানাকে নির্মমভাবে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।

ফারহানার ছোট ভাই ও উপজেলা বিএনপির সহসভাপতি রাইসুল ইসলাম কমল অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তাঁর ভগ্নিপতি রাসেল জমি জমা ও নগদ টাকা হাতিয়ে নিতে ফারহানার ওপর নিয়মিত চাপ সৃষ্টি করতেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

রাইসুল আরও জানান, ইতোমধ্যে রাসেলের হস্তক্ষেপে বসতঘর ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছিল। এর পরও ফারহানার নামে থাকা অবশিষ্ট জমি লিখে দেওয়ার জন্য চাপ অব্যাহত রাখা হয়। সেই জমিতে রাজি না হওয়ায় তাঁর ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। জমি লিখে নিতে ব্যর্থ হয়েই পরিকল্পনা অনুযায়ী তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন নিহতের ভাই।

অভিযুক্ত রাসেল মাহমুদের প্রথম স্ত্রীর ১১ বছর বয়সী মেয়ে লাবিবা আক্তারও বাবার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে ধরেছে। লাবিবা জানায়, তার বাবা নানাভাবে ফারহানাকে নির্যাতন করতেন। গত এক বছর ধরে নির্যাতনের অংশ হিসেবে লাবিবাকে তার সৎমায়ের সঙ্গে ওঠাবসা করতে দেওয়া হতো না এবং রাতে আলাদা ঘুমাতে বাধ্য করা হতো। এছাড়া প্রায়ই গভীর রাতে তার সৎমাকে ঘর থেকে বের করে দেওয়া হতো বলে জানায় সে।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন মুন্সি জানান, ঘটনাটি জানার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: সমকাল
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗