অ্যান্টি-এজিং চিকিৎসার মাঝে আচমকা মৃত্যু ‘কাঁটা লাগা’ গার্ল শেফালী জারিওয়ালার — বলিউডে শোকের ছায়া

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

বিনোদন প্রতিবেদক:  বলিউডে নেমেছে শোক আর বিস্ময়ের ছায়া। শুক্রবার গভীর রাতে আচমকাই প্রয়াত হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেফালী জারিওয়ালা। ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে যিনি একসময় ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন, সেই শেফালীর আকস্মিক মৃত্যুতে ভোরবেলা থেকেই শোকস্তব্ধ তার অনুরাগীরা।

ভারতীয় সংবাদমাধ্যম NDTV-র এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত কয়েক বছর ধরেই অ্যান্টি-এজিং চিকিৎসা নিচ্ছিলেন শেফালী। মূলত ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানো এবং বয়স কম দেখানোর জন্যই চলছিল এই কসমেটিক ট্রিটমেন্ট। চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত দেওয়া হতো ভিটামিন-সি এবং গ্লুটাথিওন ইনজেকশন, যা শরীর ডিটক্স করতে ও ত্বক ফর্সা করতে ব্যবহৃত হয়।

তবে চিকিৎসকেরা এখনই নিশ্চিত করে বলছেন না যে এই চিকিৎসাই তার মৃত্যুর কারণ। একজন বিশেষজ্ঞের ভাষায়, “এই চিকিৎসা সরাসরি হৃদপিণ্ডের ক্ষতি করে—এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। মৃত্যুর প্রকৃত কারণ জানতে অপেক্ষা করতে হবে ফরেনসিক রিপোর্টের জন্য।”

শুক্রবার রাতেই মুম্বাইয়ের নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালী। স্বামী পরাগ ত্যাগী দ্রুত তাকে বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু রাত ১১টা ১৫ মিনিটে হাসপাতালে পৌঁছানোর পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন

আমার মনে হলো, কোমরে কেউ স্পর্শ করছে

মুম্বাই পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসা পর্যন্ত নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।

শেফালী জারিওয়ালা ২০০২ সালে একটি রিমিক্স মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’-তে অভিনয় করে রাতারাতি তারকা খ্যাতি লাভ করেন। এরপর বলিউড ছবিতে যেমন ‘মুঝসে শাদি করোগি’, তেমনই জনপ্রিয় রিয়্যালিটি শো ‘নচ বালিয়ে’-তেও স্বামী পরাগের সঙ্গে অংশ নেন। ‘বিগ বস ১৩’-এ অংশ নিয়ে আবারও লাইমলাইটে ফেরেন তিনি।

মাত্র ৪০ বছর বয়সে এমন এক প্রতিভাবান অভিনেত্রীর হঠাৎ প্রস্থানে শোকাহত বলিউড ও ভক্তমহল। প্রশ্ন উঠছে, সৌন্দর্য ধরে রাখতে গিয়ে আমরা কি অজান্তেই জীবনকে ঝুঁকির মুখে ফেলছি?