ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমানকে গণঅভ্যুত্থান মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে আশুগঞ্জ উপজেলা সদরের ভিওসি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আনিসুর রহমানকে আটক করে। তার বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্র, আওয়ামী লীগের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনার অভিযোগ সহ হত্যা মামলা রয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আনিসুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে আনিসুর রহমানের গ্রেপ্তারের খবরে আশুগঞ্জ আওয়ামী লীগের একটি অংশে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র বলেও দাবি করেছেন।