
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে “মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা” বিষয়ক ব্যতিক্রমী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন উদীয়মান তরুণ শেখ আরিফ বিল্লাহ আজিজি। নুসরাত জাহান বুশরার সঞ্চালনা ও হামিদুল হকের স্বাগত বক্তব্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন শামীম আহমেদ ও খালেদা মুন্নী।
সভায় বক্তব্য রাখেন তরুণ প্রতিনিধিদের মধ্যে জয়ন্তী বিশ্বাস, মো. আবু সুফিয়ান, ওমর ফারুক, সুশান্ত পাল, খায়রুজ্জামান ইমরান, শফিউল আলম সুমন, আশিকুল আলম, মো. জুবাইদুর রহমান মেহেদী, মো. সাবের, মো. রুবেল মিয়া ও মো. কামাল।
বক্তারা বলেন, কারেন্ট জাল, চায়না দুয়ারি (রিং জাল) ও বৈদ্যুতিক শক ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য ধ্বংস প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নদ-নদী, খাল-বিল, পুকুর-জলাশয় দখল, দূষণ ও ভরাট রোধে আইনানুগ পদক্ষেপ ও জনসচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন সোহেল রানা ভূঁইয়া, আব্দুল হেকিম, বাচ্চু মিয়া, বাছির মিয়া, কামাল মিয়া, ফয়সাল মাহমুদ, হাকিম মিয়া, পাপ্পু দাস প্রমুখ।
আয়োজনে সহযোগিতা করে মৎস্য অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সদর।
