জ্বালানি সংকটে বদলাচ্ছে শিক্ষাব্যবস্থা, সশরীরে ক্লাসের সঙ্গে অনলাইন চালুর চিন্তা

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ সপ্তাহ আগে
জ্বালানি সংকটে বদলাচ্ছে শিক্ষাব্যবস্থা, সশরীরে ক্লাসের সঙ্গে অনলাইন চালুর চিন্তা

দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে শিক্ষাখাতে। এ পরিস্থিতিতে স্কুল পর্যায়ে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়ে নতুন পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানান, আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদ সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হবে।

মন্ত্রী বলেন, রমজানসহ বিভিন্ন কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে যে ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সপ্তাহে ছয় দিন ক্লাস চালু রাখার ক্ষেত্রে জ্বালানি সংকটের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা এবং বর্তমান হামের প্রাদুর্ভাব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি বড় অংশ অনলাইন ক্লাস চালুর পক্ষে মত দিয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সশরীরে উপস্থিতির পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও পাঠদান পরিচালনার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

তবে ঠিক কতদিন বা সপ্তাহে কত বেলা অনলাইন ক্লাস চলবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আসন্ন মন্ত্রিসভার বৈঠক থেকে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমন্বিত পদ্ধতি চালু হলে একদিকে শিক্ষার ধারাবাহিকতা বজায় থাকবে, অন্যদিকে জ্বালানি সংকট ও জনদুর্ভোগও কিছুটা কমানো সম্ভব হবে।

  • জ্বালানি সংকটে বদলাচ্ছে শিক্ষাব্যবস্থা
  • সশরীরে ক্লাসের সঙ্গে অনলাইন চালুর চিন্তা