ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের স্টোরকিপারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

লেখক: Arisha Eme
প্রকাশ: ৬ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের স্টোরকিপারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের স্টোরকিপার মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও দরপত্রে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সচেতন নাগরিকদের পক্ষ থেকে জেলা সিভিল সার্জন বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগে বলা হয়, মো. আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে হাসপাতালের সরকারি ওষুধ ও বিভিন্ন সামগ্রী বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, বর্তমানে তিনি শহরে একাধিক ফ্ল্যাট, ব্যবসা প্রতিষ্ঠান ও হাসপাতালের মালিক। এমনকি তার পরিবারের সদস্যদের মাধ্যমে বিদেশে অবৈধ অর্থ স্থানান্তরেরও অভিযোগ রয়েছে।

এছাড়া অভিযোগে দাবি করা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আনোয়ার হোসেন দীর্ঘ ১২ বছর ধরে তার বোন রোকসানা বেগমকে সহকারী হিসাবরক্ষক পদে থেকে নিয়মবহির্ভূতভাবে সহকারী স্টোরের দায়িত্বে রেখেছেন। শুধু তাই নয়, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অস্ত্রসহ কেন্দ্র দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগপত্রে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশনে (দুদক) এর আগেও তার বিরুদ্ধে ৭ কোটি ও ৩ কোটি টাকার দুটি মামলা চলমান রয়েছে। সম্প্রতি ২০২৪ সালের ৫ আগস্টের পর হাসপাতালের এমএসআর ও পণ্য সরবরাহ সংক্রান্ত দরপত্রে ‘বি.এস.এফ এন্টারপ্রাইজ’ ও ‘অন্বেষা এন্টারপ্রাইজ’-এর সঙ্গে যোগসাজশ করে অনিয়ম করার অভিযোগও তোলা হয়েছে।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি—মো. সিয়াম চৌধুরী, সাইকুল ইসলাম ও মীর আব্দুল ওয়াছিদ—গত ২৫ জানুয়ারি ২০২৫ তারিখে জেলা তত্ত্বাবধায়ক বরাবরও একটি লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগকারী মো. নাইমুল হক স্বাক্ষরিত আবেদনপত্রটি স্বাস্থ্য পরিচালক, চট্টগ্রাম বিভাগ এবং সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বরাবরও অনুলিপি পাঠানো হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে মো. আনোয়ার হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. নোমান মিয়া বলেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা সর্বদা কঠোর অবস্থানে আছি। যেই অনিয়মে জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।