
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সোমবার (২ মার্চ) জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতা ইএফটি পদ্ধতিতে সরাসরি ব্যাংকে পাঠানোর জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বিল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ মার্চের মধ্যে বিল জমা না দিলে ভাতা প্রাপ্তিতে বিলম্ব হতে পারে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্তদের বেতন ও ভাতা ইএফটি পদ্ধতিতে তাদের নিজ নিজ ব্যাংক হিসাবেযে পাঠানো হচ্ছে। আগস্ট মাস থেকে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে বিল দাখিলের ব্যবস্থা চালু হয়েছে। প্রতিষ্ঠান প্রধানরা নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে প্রবেশ করে প্রতিটি শিক্ষক-কর্মচারীর জন্য পৃথকভাবে প্রাপ্য অর্থ নির্ধারণ করে বিল জমা দেবেন। বিল জমার তথ্যের ভিত্তিতেই ভাতা পাঠানো হবে, এবং কোনো ভুল তথ্য বা অতিরিক্ত অর্থ প্রদানের দায় প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো শিক্ষক বা কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতিতে থাকলে সংশ্লিষ্ট মাসের প্রাপ্যতা অনুযায়ী বিল নির্ধারণ করতে হবে। প্রয়োজনে আংশিক বা পূর্ণ বেতন কর্তনের বিষয়ও বিল জমার সময় উল্লেখ করতে হবে।
বর্তমানে শুধুমাত্র আইবাস যাচাইকৃত বৈধ জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত আছে। যাদের তথ্য এখনো সঠিক নয়, তাদের যাচাই শেষে পরবর্তী সময়ে যুক্ত করা হবে। এই নির্দেশনার মাধ্যমে ঈদুল ফিতরের ভাতা দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।
