ইসলাম ডেস্ক: ১৫ নভেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে তাকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, না পারলে দুই সপ্তাহের জন্য তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক, তিনি সবকিছু ঠিক করে দেবেন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার নানা ঘটনা ঘটছে। এসব ঘটনায় জননিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল।
এরই মধ্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনা কেন্দ্র করে জাতীয় সংসদে তুমুল আলোচনা ও হট্টগোল হয়। গত ১০ ও ১১ নভেম্বর এ ইস্যুতে সংসদে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা ঘটে।
সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার তীব্র সমালোচনা করেন এবং বিষয়টি নিয়ে সরকারের কাছে জবাবদিহি দাবি করেন।
অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে দেওয়া বক্তব্যে দাবি করেন যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি এ সময় অপরাধ দমনে সরকারের পক্ষ থেকে নেওয়া নানা পদক্ষেপের বিষয় তুলে ধরেন।
সূত্র: সমকাল

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।