
নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছেন সরকারি চাকরিজীবীরা।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ঘোষিত তিন দিনের বিশেষ কর্মসূচির শেষ দিন বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমন্বয় পরিষদের পক্ষ থেকে আলটিমেটাম দিয়ে জানানো হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানার সুনির্দিষ্ট ঘোষণা না এলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এরই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘ভূখা মিছিল’ করার ডাক দিয়েছে সংগঠনটি।
গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই টানা আন্দোলনের প্রভাবে সচিবালয়সহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে চরম প্রশাসনিক স্থবিরতা বিরাজ করছে। দাপ্তরিক কাজ থমকে যাওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন, তবে আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড়।
কর্মচারীদের দাবি, গত সাত বছর ধরে বেতন বৃদ্ধি না হওয়ায় এবং বর্তমান বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে তারা পরিবার নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। উদ্ভূত পরিস্থিতিতে সরকারি সেবা সচল রাখতে এবং কর্মচারীদের অসন্তোষ দূর করতে দ্রুত সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট সকলে।
