
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া এই বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রায় এক ঘণ্টা পর আবার চারুকলা অনুষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রাজুড়ে ছিল স্ক্রল পেইন্টিং, বর্ণিল মোটিফ ও ঢাকের তালে তালে প্রাণবন্ত পরিবেশ। অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্রতীকী শিল্পকর্ম ও উপকরণ শোভাযাত্রাকে আরও আকর্ষণীয় করে তোলে, যা পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল—“নববর্ষের সুরে ঐক্য, গণতন্ত্রের পুনর্জাগরণ।” শোভাযাত্রায় মোরগ, হাতি, পায়রা, টেপা পুতুল-ঘোড়া ও দোতারার মতো বিভিন্ন মোটিফের মাধ্যমে তুলে ধরা হয় ঐতিহ্য ও প্রতীকী বার্তা। বিশেষভাবে দর্শনার্থীদের নজর কাড়ে পটশিল্পী টাইগার নাজির-এর নির্মিত পটচিত্র।
শোভাযাত্রায় রাষ্ট্রীয় অতিথি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
শোভাযাত্রার শুরুতে পুলিশের অশ্বারোহী দল অংশ নেয়। এরপর জাতীয় পতাকা বহনকারী প্রায় ২০০ জন শিক্ষার্থী, সাংবাদিকরা এবং প্রধান ব্যানারসহ রাষ্ট্রীয় অতিথি ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বর্ণিল আয়োজন আর ঐতিহ্যের মেলবন্ধনে এবারের বৈশাখী শোভাযাত্রা রাজধানীবাসীর মাঝে এক আনন্দঘন আবহ তৈরি করেছে।
