‘কৃষক কার্ড’ উদ্বোধন: ২২ হাজার কৃষকের মোবাইলে আড়াই হাজার টাকা

লেখক: Arisha Eme
প্রকাশ: ১ দিন আগে
‘কৃষক কার্ড’ উদ্বোধন: ২২ হাজার কৃষকের মোবাইলে আড়াই হাজার টাকা

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন। এর আওতায় প্রান্তিক কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় শহীদ মারুফ স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে টাঙ্গাইল সদরসহ দেশের ১১টি উপজেলার ২২ হাজার ৬৫ জন কৃষকের মোবাইলে সরাসরি আড়াই হাজার টাকা করে পৌঁছে যায়। ডিজিটাল পদ্ধতিতে এই অর্থ সহায়তা প্রদানকে সরকারের একটি বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, ‘কৃষক কার্ড’ বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতিগুলোর অন্যতম। এর মাধ্যমে সরকার কৃষকদের আর্থিক সহায়তা সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এর আগে সরকার ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’ এবং খালখনন কর্মসূচিও চালু করেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১৫ জন কৃষকের হাতে প্রতীকীভাবে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন। এ সময় তিনি কৃষকদের উদ্দেশে শুভেচ্ছা জানান এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এর আগে সকাল ১১টা ২০ মিনিটে স্টেডিয়ামে পৌঁছে প্রধানমন্ত্রী উপস্থিত কৃষক-কৃষাণীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে এবং কৃষি উৎপাদনে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

  • ‘কৃষক কার্ড’ উদ্বোধন: ২২ হাজার কৃষকের মোবাইলে আড়াই হাজার টাকা