শিক্ষা ডেস্ক: ৩১ অক্টোবর ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
এইচএসসি পরীক্ষায় রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ সাফল্যের ধারা বজায় রেখে পাসের হার ৯৯.৮৩ শতাংশ অর্জন করেছে। এ বছর শিক্ষাপ্রতিষ্ঠানটির বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন মিলিয়ে মোট ২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
কলেজ কর্তৃপক্ষ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কৃতিত্বপূর্ণ এ ফলাফলে মোট ৩১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া প্রতিষ্ঠানটির ইংরেজি ভার্সনে পাসের হার ছিল শতভাগ।
বিভাগভিত্তিক ফলাফলের তথ্যে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে মোট ২ হাজার ৩২৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এ বিভাগে পাসের হার ৯৯.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছে ২৮৩ জন শিক্ষার্থী।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট ৩১৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এ বিভাগে পাসের হার ৯৯.৬২ শতাংশ এবং জিপিএ-৫ লাভ করেছে ১২ জন শিক্ষার্থী।
অন্যদিকে, মানবিক বিভাগে পাসের হার শতভাগ। এ বিভাগ থেকে অংশ নেওয়া ৩১৯ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী।
এইচএসসির ফলাফল প্রকাশের পর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। তারা পরস্পরকে অভিনন্দন জানান, মিষ্টিমুখ করেন এবং বাদ্যযন্ত্র বাজিয়ে সাফল্য উদযাপিত হয়।
ফলাফল প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম সাংবাদিকদের বলেন, একবার ভালো ফল করা চমক হতে পারে, কিন্তু বছরের পর বছর সেই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখা এবং সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী রাখা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি চ্যালেঞ্জ। নিয়মানুবর্তিতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মাইলস্টোন কলেজ সেই কাজই করে যাচ্ছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।