ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন সাংবাদিক রুহেল সরকারের জ্ঞান ফিরেছে। আইসিইউতে তিন দিন অতিবাহিত হওয়ার পর শুক্রবার সকালে তার জ্ঞান ফেরে। এরপর তাকে আইসিইউ থেকে হাসপাতালে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
আহত সাংবাদিকের ভাই রুবেল খান জানান, জ্ঞান ফিরলেও রুহেলের শারীরিক অবস্থা এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নয়। সকালে তিনি কেবল চোখ মেলে জিজ্ঞেস করেছেন তিনি কোথায় আছেন। বর্তমানে তাকে নল দিয়ে স্যালাইন খাওয়ানো হচ্ছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ায় মদ্যপ কিশোর ও তরুণদের হামলার শিকার হন রুহেল সরকার। তিনি নবীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক সংবাদ কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি বাউলগানের শিল্পী এবং পরিবার পরিচালনার জন্য পেইন্টিং মিস্ত্রির কাজও করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার রুহেল সরকারের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। ভারী বস্তুর আঘাতে তার মাথার খুলি ফেটে যায় এবং হাড় ভেঙে যায়। এছাড়া তিনি ডান চোখে গুরুতর আঘাত পেয়েছেন এবং তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে। রুহেল সরকার নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া ইমামবাড়ি রোড এলাকার মো. হেকিম মিয়ার ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে রুহেল সরকারের ভাই রুবেল খান জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে পৌরসভার উত্তরপাড়ার টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে একটি অটোরিকশা গ্যারেজের সামনে মদ্যপ অবস্থায় কিশোর গ্যাংয়ের কিছু সদস্য বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। রুহেল সরকার এই ঘটনার প্রতিবাদ জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ইমরান নামে এক তরুণের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক তার ওপর হামলা চালায়।
হামলাকারীরা ভারী বস্তু দিয়ে রুহেলের মাথায় ও শরীরে আঘাত করে। রুবেল খান এই হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, তারা বিষয়টি শুনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত মামলা দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ বা মামলা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।