গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে এক নারী যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।
রোববার (৩১ মে) সকাল ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গড়েয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিকতা খাতুন (২৫) গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল মিয়ার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী বাসটি গড়েয়ারপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিকতা খাতুনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অন্তত সাতজন যাত্রীকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে প্রশান্ত চন্দ্র প্রামাণিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।