চান্দুরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বাবুল মিয়ার
মোশাররফ হোসেন
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ২নং চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার কথা জানিয়েছেন প্রবাসী ও ব্যবসায়ী বাবুল মিয়া। সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ন্যায়বিচার, প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা, ব্যবসাবান্ধব পরিবেশ এবং আধুনিক ইউনিয়ন গড়ার বিষয়ে বিভিন্ন অঙ্গীকার তুলে ধরেন।
বাবুল মিয়া বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকলেও জন্মভূমি চান্দুরার মানুষের সঙ্গে তার যোগাযোগ ও সম্পর্ক রয়েছে। প্রবাসে কষ্টার্জিত অর্থ দেশে বিনিয়োগ করে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করছেন বলেও জানান তিনি।
তার বক্তব্যে তিনি স্থানীয় সালিশ-বিচারে নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তার দাবি, এলাকার দরিদ্র ও অসহায় মানুষ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে তিনি কাজ করতে চান।
চেয়ারম্যান নির্বাচিত হলে প্রবাসীদের জন্য ইউনিয়ন পরিষদে আলাদা সেবা ডেস্ক চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বাবুল মিয়া। একই সঙ্গে প্রবাসীদের জায়গা-জমি সংক্রান্ত হয়রানি ও দখলচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে বাবুল মিয়া বলেন, চান্দুরা বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নতুন উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রমকে আরও আধুনিক ও ডিজিটাল করার পাশাপাশি পরিচ্ছন্ন ও উন্নত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাবুল মিয়া বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই না, আমি আপনাদের ন্যায় বিচারক হতে চাই।” তিনি চান্দুরা ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
তার নির্বাচনী প্রত্যয়ের মূল বক্তব্য হিসেবে রয়েছে— “প্রবাসীর কষ্ট বোঝে যে, চান্দুরার নেতা হবে সে—বাবুল মিয়া।”

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।