জসনে জুলুস নিয়ে দ্বিমত থাকলে মুজাকারায় বসতে তাহেরীর চ্যালেঞ্জ

লেখক:
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃজসনে জুলুসের পদ্ধতি নিয়ে কওমি উলামায়ে কেরামদের সঙ্গে মতবিরোধ থাকলে প্রশাসনের হস্তক্ষেপে মুজাকারায় (মুজাকারা (مذاكرة) শব্দের অর্থ হলো আলোচনা, পরামর্শ বা মতবিনিময়) বসার আহ্বান জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাংগঠনিক সচিব ও দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরী।

বুধবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার কওমি উলামায়ে কেরামদের প্রতি বাহাস কিংবা চ্যালেঞ্জ দিচ্ছি না। শুধু এতটুকু বলব, আমরা শাব্দিক অর্থের বিবেচনায় ঈদ বলে থাকি। জসনে জুলুসের পদ্ধতি নিয়ে আপনাদের দ্বিমত থাকলে প্রশাসনের হস্তক্ষেপে মুজাকারার জন্য বসতে প্রস্তুত আছি।”

তিনি আরও বলেন, “আশা করি, ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন আহলে সুন্নাত ওয়াল জামা’আতকে স্পেস দিবেন।”

মুফতি তাহেরী বলেন, “আল্লাহর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভ আগমনে আনন্দ মিছিল করা জায়েজ—এটি যদি সাব্যস্ত করতে না পারি, জীবনে কখনো ব্রাহ্মণবাড়িয়া সদরে জসনে জুলুস উদযাপনের নামও নেব না।”

ধর্ম ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, “বৈষম্যের ব্রাহ্মণবাড়িয়া শহরকে ধর্মীয় সম্প্রীতির শহর বানাতে কওমি উলামায়ে কেরামদের সঙ্গে বসতে প্রস্তুত আছি।”

পোস্টের শেষে তিনি ‘আহলে সুন্নাত ওয়াল জামা’আত জিন্দাবাদ’ উল্লেখ করেন।

উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস আয়োজনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ইসলামি মতাদর্শের অনুসারীদের মধ্যে আলোচনা ও মতবিরোধ রয়েছে। এ অবস্থায় আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের আহ্বান জানালেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।

  • জসনে জুলুস নিয়ে দ্বিমত থাকলে মুজাকারায় বসতে তাহেরীর চ্যালেঞ্জ