ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে ১৫ কিমি যানজট: রাত থেকে স্থবির, চরম দুর্ভোগে যাত্রীরা

লেখক: Sanjida
প্রকাশ: ৪ মাস আগে
 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে ১৫ কিমি যানজট: রাত থেকে স্থবির, চরম দুর্ভোগে যাত্রীরা

দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত তিনটা থেকে শুরু হওয়া এই যানজট শনিবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকায় মহাসড়ক কার্যত স্থবির হয়ে পড়ে।

ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। শনিবার সকাল থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত একই পরিস্থিতি বিরাজ করছিল।

সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের গাজীপুর এলাকায় কথা হয় নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা মোশারফ হোসেন ও মাহবুবুন নবির সঙ্গে। তাঁরা জানান, রাত তিনটায় পরিবারসহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ভোর ছয়টায় দাউদকান্দিতে এসে যানজটে আটকা পড়েন। তাঁদের পরিবারের দুই শিক্ষার্থী জাপানে পড়াশোনার সুযোগ পেয়েছেন এবং শনিবার বেলা ১টা ১৫ মিনিটে তাঁদের ফ্লাইট রয়েছে। কিন্তু দীর্ঘ যানজটে আটকে পড়ে তাঁদের যাত্রা অনিশ্চয়তায় পড়েছে।

সকাল ৯টার দিকে বিশ্বরোড এলাকায় যানজটে আটকে থাকা নোয়াখালী সদরের ব্যবসায়ী আবির হাসান জানান, মেয়েকে ঢাকায় পৌঁছে দিতে গিয়ে তিন ঘণ্টা ধরে যানজটে আটকা আছেন। কখন গন্তব্যে পৌঁছাতে পারবেন, তা নিয়ে তিনি শঙ্কিত।

এদিকে সকাল ১০টার দিকে পূর্ব পেন্নাই এলাকায় যানজটে আটকে থাকা ঢাকা-চাঁদপুর রুটের মতলব এক্সপ্রেস বাসের চালক জাহিদ হাসান ও যাত্রী মাওলানা সোহেল রানা জানান, সকাল ৭টায় ঢাকা থেকে রওনা দিয়ে যেখানে ৫০ মিনিটে পৌঁছানোর কথা, সেখানে তিন ঘণ্টা লেগেছে। উল্টো পথে যানবাহন চলাচলের কারণে যানজট আরও তীব্র হয়েছে। যানজট পার হতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে থানার পরিদর্শক মো. শাহ কামাল জানান, ভোর চারটার দিকে সোনারগাঁও এলাকায় মেঘনা সেতুর ওপর ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রেকার দিয়ে দ্রুত গাড়িটি সরিয়ে নেওয়া হলেও এর প্রভাব দীর্ঘ সময় স্থায়ী হয়।

তিনি আরও জানান, দাউদকান্দি অংশে টোল আদায়ে ধীরগতিও যানজট দীর্ঘ হওয়ার অন্যতম কারণ।

দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, যানজট নিরসনে সকাল থেকেই পুলিশ কাজ করছে। তবে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে পরিস্থিতি স্বাভাবিক করতে হিমশিম খেতে হচ্ছে।

বর্তমানে মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করছে এবং দুর্ভোগে পড়া যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।

  • চরম দুর্ভোগে যাত্রীরা
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে ১৫ কিমি যানজট: রাত থেকে স্থবির