বাংলাদেশ ডেস্ক: ৩ নভেম্বর ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
ফিনল্যান্ডের আলটো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুকিং বাতিল করায় নির্ধারিত স্থানে সেমিনার করতে পারেনি আওয়ামী লীগপন্থি সংগঠন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (জিসিডিজি)। তবে পরবর্তীতে নির্ধারিত সময়েই অন্য একটি স্থানে সেমিনারটির আয়োজন করা হয়। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে ওই সেমিনারে ভার্চুয়ালি অডিও বক্তব্য প্রদান করেন।
জিসিডিজি ‘বাংলাদেশ অ্যাট এ টার্নিং পয়েন্ট: ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড এক্সট্রিমিজম’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করেছিল। সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য ও জিসিডিজির সভাপতি ডা. হাবিবে মিল্লাত এতে অংশ নেন। সেমিনারটি সঞ্চালনা করেন ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের যোগাযোগ পরিচালক ক্রিস ব্ল্যাকবার্ন। এছাড়া ইউরোপের আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্কের প্রেসিডেন্ট নুরে জামান ভূঁইয়া সেখানে বক্তব্য দেন।
অনুমতি বাতিলের বিষয়ে এনসিপি জানিয়েছে, তাদের নেতাকর্মীদের তৎপরতায় জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তথ্য জানতে পেরে আলটো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কক্ষের বুকিং বাতিল করে। এনসিপির ফিনল্যান্ড শাখার আহ্বায়ক আহাদ শিকদার জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার বিষয়টি ইমেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর পর তারা এই সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয়ের স্থান হাতছাড়া হওয়ার পর একটি কক্ষে ব্যানার ও মঞ্চ ছাড়াই প্রায় ৩৫ মিনিটের এই সেমিনার সম্পন্ন হয়, যা পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে সম্প্রচার করা হয়। সেমিনারে প্রধান অতিথি শেখ হাসিনা শেষ বক্তা হিসেবে মোবাইল ফোনে অডিও বক্তব্য দেন।
আয়োজকদের পক্ষ থেকে ১০ জন বক্তার নাম প্রচার করা হলেও অনুষ্ঠানে আটজনই অনুপস্থিত ছিলেন। তালিকায় থাকা হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের ড. পেক্কা তুওমিনেন, কাউন্সিলর এলিনা কাউপিলাসহ একাধিক ফিনিশ ব্যক্তিত্ব সেমিনারে অংশ নেননি। বিকল্প সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট জানায়, অনুমতি না নিয়েই অতিথিদের তালিকায় একাধিক ব্যক্তির নাম ব্যবহার করা হয়েছিল, যা ফেসবুক পোস্টের মাধ্যমে এলিনা কাউপিলাও নিশ্চিত করেছেন।
সূত্র: সমকাল

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।