ফুল গ্রহণ না করে সাশ্রয়ী বার্তা দিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান তার মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই ব্যতিক্রমী বার্তা দিয়েছেন। রোববার (১৫ মার্চ) রাজধানীর পরিবহন পুল ভবনে মন্ত্রণালয়ে প্রথমবার অফিসে এসে তিনি কর্মকর্তাদের দেওয়া ফুল গ্রহণ না করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও ব্যয় এড়িয়ে সাশ্রয়ী উদ্যোগ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চান, আনুষ্ঠানিকতার নামে অপ্রয়োজনীয় অর্থ খরচ না করা হোক। সমীক্ষা অনুযায়ী, দেশে বছরে আনুষ্ঠানিকতা পালনার্থে প্রায় ১৮ কোটি টাকা ফুল কেনায় ব্যয় হয়, যা তিনি অপ্রয়োজনীয় ও বিলাসী ব্যয় হিসেবে উল্লেখ করেন। তিনি এ ধরনের খরচ কমিয়ে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণে গুরুত্ব দেন।
আহমেদ আযম খান মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, মুক্তিযুদ্ধ শুধু অতীতের ঘটনা নয়, এটি জাতির আত্মপরিচয়, গৌরব ও মূল্যবোধের প্রতীক। এই চেতনা ধরে রাখেই মন্ত্রণালয়ের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
