আন্তর্জাতিক ডেস্ক: ৬ নভেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
পূর্ব ফ্রান্সের লেন্ট শহরে একটি বাস দুর্ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন ও সরকারের পক্ষ থেকে হতাহতের এই খবর নিশ্চিত করা হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার সকালে, লিওঁ শহরের উত্তর-পূর্বে এবং সুইজারল্যান্ড সীমান্ত থেকে প্রায় ৩৫ মাইল (৫৫ কিলোমিটার) দূরে অবস্থিত লেন্ট নামের একটি ছোট শহরে। স্থানীয় সময় সকাল ৭টার দিকে (০৬:০০ জিএমটি) দুর্ঘটনাটি ঘটে।
লেন্ট শহরের মেয়র ইভ ক্রিস্টিন ফরাসি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে পাশের খাদে একটি গাছের সঙ্গে সজোড়ে ধাক্কা খায়। আইন প্রিফেকচার এবং দেশটির শিক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এ ঘটনায় একাধিক ব্যক্তি হতাহত হয়েছেন।
ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার্দ জফ্রে জানান, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে শিক্ষার্থীরা ভ্রমণ করছিল। তিনি আরও বলেন, শিক্ষার্থী ও শিশুরা যখন এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়, তখন সেটি অত্যন্ত বেদনাদায়ক হয়ে ওঠে। দুর্ঘটনায় পড়ে যাওয়া শিক্ষার্থীদের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেছেন।
অন্যদিকে দেশটির পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো জানিয়েছেন, তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন এবং দুর্ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ফরাসি সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি নীল-সাদা রঙের বাস রাস্তার পাশে খাদের মতো জায়গায় হেলানো অবস্থায় রয়েছে। রাস্তার পাশে সারিবদ্ধ গাছ ছিল এবং বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পর পরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহতদের দ্রত বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি উদ্ধারকারী হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
মেয়র ইভ ক্রিস্টিন ফরাসি মাধ্যমকে আরও জানিয়েছেন, উদ্ধার কাজ চলাকালীন দুই ব্যক্তির হৃৎস্পন্দন বন্ধ বা কার্ডিয়াক অ্যারেস্ট অবস্থায় পাওয়া গেছে।
উদ্ধার অভিযান এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ থেকে এ বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য প্রকাশের কথা জানানো হয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।