বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান

বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, স্বৈরাচারী শাসনামলে যেসব মা তাদের সন্তানকে হারিয়েছেন এবং যেসব বোন তাদের স্বামীকে হারিয়েছেন, তাদের সান্ত্বনা দেওয়ার মতো আজও রাষ্ট্রের কাছে কিছু নেই।

শনিবার (জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। গুম ও খুনের শিকার যারা হয়েছেন, রাষ্ট্র কোনোভাবেই তাদের দায় এড়াতে পারে না। বিএনপি সরকার গঠন করলে এসব শহীদদের নামে সড়ক ও বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে, যাতে কেউ নতুন করে কোনো ষড়যন্ত্র করতে না পারে। প্রতিটি বিচারকে প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বিগত আন্দোলন ও দমন–নিপীড়নে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সম্মানে এই মতবিনিময় সভার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।