সরাইলে বিএনপির সাধারণ সম্পাদক তপুর বাসায় দুর্ধর্ষ ডাকাতি, ৫০ ভরি স্বর্ণালংকার ও ১৮ লাখ টাকা লুটের অভিযোগ
গ্রিল কেটে বাসায় প্রবেশ, হজের জন্য রাখা ৮ হাজার সৌদি রিয়ালও খোয়া গেছে; দুইজন আটক, মামলা দায়েরের প্রস্তুতি
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর (তপু)-এর শহরের বাসায় দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ ১৮ লাখ টাকা এবং পবিত্র হজ পালনের জন্য রাখা প্রায় ৮ হাজার সৌদি রিয়ালসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় তপু ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ অর্থ ও বৈদেশিক মুদ্রা খোয়া যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং ঘরে থাকা মূল্যবান সামগ্রী নিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ ১৮ লাখ টাকা ও হজ পালনের উদ্দেশ্যে সংরক্ষিত ৮ হাজার সৌদি রিয়াল রয়েছে বলে জানা গেছে।
এদিকে, এ ঘটনায় দুইজনকে আটক করার খবর পাওয়া গেছে। তবে তাঁদের আটকের বিষয়টি, ডাকাতির সঙ্গে তাঁরা জড়িত কি না, তা খোজে দেখা হচ্ছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাজল মিয়া। তিনি জানান, এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, লুট হওয়া স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য মালামাল উদ্ধার এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।