ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে গৃহীত ৮০টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যদের মাঝে প্রথম কিস্তির অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ ১৯ নভেম্বর ২০২৬, বুধবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব চেক হস্তান্তর করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা অবহেলা বরদাশত করা হবে না। প্রতিটি প্রকল্পের কাজ যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, জনগণের অর্থে পরিচালিত প্রতিটি উন্নয়নকাজের সুফল যেন সাধারণ মানুষ পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। দায়িত্বে থাকা অবস্থায় উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
এ সময় জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন উপজেলার পিআইসি কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কাজের গুণগত মান বজায় রেখে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।