ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে পরীক্ষার দায়িত্ব পালনকারী শিক্ষক মোহাম্মদ শামিমের বিরুদ্ধে পরীক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও উত্তরপত্র দীর্ঘ সময় আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা চলাকালে তাদের সঙ্গে প্রত্যাশিত আচরণ করেননি সংশ্লিষ্ট শিক্ষক। একই সঙ্গে কয়েকজন পরীক্ষার্থীর উত্তরপত্র নির্ধারিত সময়ের তুলনায় দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। শিক্ষার্থীদের দাবি, সাধারণত অল্প সময়ের মধ্যে উত্তরপত্র সংগ্রহ করা হলেও কোনো কোনো পরীক্ষার্থীর খাতা প্রায় ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত আটকে রাখা হয়েছিল।
শিক্ষার্থীদের অভিযোগ, এতে তাদের স্বাভাবিক পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয় এবং তারা মানসিক চাপের মধ্যে পড়েন। পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেছেন তারা।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।