ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা-য় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়ক-এর বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা (৪০) নামে এক পিকআপযাত্রী নিহত হন। তার বাড়ি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামে।
দুর্ঘটনায় বাসের অন্তত ৩৫ জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। পরে গুরুতর আহতদের ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী ‘শাহ ফরিদ’ পরিবহনের একটি বাস এবং টেকেরহাট থেকে বাঙ্গী বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটি খাদে পড়ে যায়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, সকাল ৯টার দিকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
