ইসলাম ডেস্ক: ২৩ নভেম্বর ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ন
মানিকগঞ্জের সাটুরিয়ায় সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামকে মারধর করার অভিযোগ উঠেছে ক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে। দরগ্রাম ইউনিয়নের বাবুল ডিলারের ঘরে সার বিতরণের সময় এই ঘটনা ঘটে। পরে উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম এবং সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ও সাটুরিয়া কৃষি অফিস সূত্রে জানা গেছে, আমন মৌসুম শেষ হওয়ার পর এলাকায় শুরু হয়েছে সরিষা ও ভুট্টা চাষ। এই মৌসুমে সারের ব্যাপক চাহিদা তৈরি হলেও কৃষকদের অভিযোগ, ডিলারের কাছে গেলে বলা হয় সার নেই। চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় সারের সংকটে কৃষকরা সময়মতো চাষাবাদ করতে পারছেন না।
সাটুরিয়া কৃষি অফিসের তথ্যমতে, দরগ্রাম বাজারের ডিলার বাবুল ট্রেডার্সকে চলতি মাসে তিন ধাপে মোট ১ হাজার ৪৬০ বস্তা ডিএপি সার বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে গত ৩ নভেম্বর ৬৬০ বস্তা, চাহিদা বেশি থাকায় ৫ নভেম্বর অতিরিক্ত ৩০০ বস্তা এবং ১৩ নভেম্বর আরও ৫০০ বস্তা সার বরাদ্দ দেওয়া হয়েছিল। সর্বশেষ অতিরিক্ত বরাদ্দের সার রোববার বাবুল ডিলারের দোকান থেকে কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছিল।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানান, সারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকরা প্রথমদিকে শান্তিপূর্ণভাবেই সার নিচ্ছিলেন। তবে ৩৯০ বস্তা বিতরণ শেষ হওয়ার পর সার ফুরিয়ে গেছে বলে কৃষকদের জানানো হলে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ক্ষুব্ধ কৃষকরা দরগ্রাম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
সারের ডিলার বাবুল হোসেন জানান, চাহিদার তুলনায় সরকারি সার বরাদ্দ কম পাওয়ায় কৃষকদের সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। সারের জন্য গভীর রাত থেকেই কৃষকরা দোকানের সামনে এসে ভিড় জমায়। তিনি চলতি মাসে মোট ১ হাজার ৩৬০ বস্তা সার পেয়েছেন বলে জানান এবং তার বরাদ্দের ১০০ বস্তা সার পাশের এলাকার এক ডিলারকে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে জানান, দরগ্রাম ইউনিয়নে চাহিদার অতিরিক্ত সার দেওয়া সত্ত্বেও এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তিনি জানান, একজন কৃষক তার পরিবারের একাধিক সদস্যকে লাইনে দাঁড় করিয়ে একাধিকবার সার সংগ্রহ করায় অনেক প্রকৃত কৃষক খালি হাতে ফিরছেন। উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এক মাস আগেও উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুরে সার সংকটকে কেন্দ্র করে কৃষকদের ক্ষোভ দেখা দিয়েছিল।
সূত্র: সমকাল

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।