রাজধানীর স্কুলে যানজট কমাতে বিকল্প ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

লেখক: Arisha Eme
প্রকাশ: ৫ মাস আগে
রাজধানীর স্কুলে যানজট কমাতে বিকল্প ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে স্কুল চলাকালীন তীব্র যানজট নিরসনে নতুন উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, স্কুল সময়কে ঘিরে রাজধানীর বিভিন্ন সড়কে যে চরম যানজট সৃষ্টি হয়, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ব্যক্তিগত গাড়ির অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে কার্যকর ও আধুনিক সমাধান খুঁজে বের করতে সংশ্লিষ্টদের দ্রুত প্রস্তাবনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে উঠে আসে, রাজধানীর কিছু স্কুলে মাত্র দেড়শ শিক্ষার্থীর জন্য প্রায় একশটি ব্যক্তিগত গাড়ি প্রবেশ করে, যা আশপাশের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি করছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও সময়মতো স্কুলে পৌঁছাতে ব্যাহত হচ্ছে।

এ প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুশৃঙ্খল যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে বিকল্প পরিবহন ব্যবস্থা চালু, ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিত করা এবং আধুনিক পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্টরা মনে করছেন, কার্যকর পদক্ষেপ নেওয়া হলে রাজধানীর যানজট অনেকাংশে কমবে এবং শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।

  • রাজধানীর স্কুলে যানজট কমাতে বিকল্প ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর