র‍্যাবের তাড়া খেয়ে গাড়িভর্তি ভারতীয় মদ ফেলে পালাল পাচারকারীরা

লেখক: Arisha Eme
প্রকাশ: ৪ মাস আগে
র‍্যাবের তাড়া খেয়ে গাড়িভর্তি ভারতীয় মদ ফেলে পালাল পাচারকারীরা

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় র‍্যাবের তাড়া খেয়ে একটি গাড়িভর্তি বিপুল পরিমাণ ভারতীয় মদ ফেলে পালিয়ে গেছে পাচারকারীরা। এ ঘটনায় একটি গাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১ হাজার ৬৪৮ বোতল মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ভৈরব উপজেলার ভৈরবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, একটি বড় মদের চালান ঢাকা অভিমুখে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব ঢাকা–সিলেট মহাসড়কের ন্যাটাল মোড় এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু করে।

চেকপোস্টে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ৬৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, এ ঘটনায় জড়িত পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। জব্দকৃত মদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।