শিক্ষা ডেস্ক: ১২ নভেম্বর ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ন
কেবল মুখস্থবিদ্যায় পরীক্ষা দিয়ে পাস করা কিংবা ডিগ্রির সনদ অর্জনই প্রকৃত শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয়েই প্রকৃত জ্ঞান অর্জিত হয়। প্রকৃত শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং প্রত্যেক শিক্ষার্থীর হৃদয় ও গৃহে আনন্দের আলো ছড়ায়।
রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবাগত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শিক্ষা শিক্ষার্থীদের মাঝে দূরদৃষ্টি বা ‘ভিশন’ তৈরি করে, যা সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরের বিষয়গুলো দেখার ক্ষমতা এনে দেয়।
রুহুল কবির রিজভী আরও বলেন, চাকরি ও আর্থিক উপার্জনের জন্য ডিগ্রির প্রয়োজন থাকলেও একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার অন্তর্নিহিত তাগিদ হৃদয়ে ধারণ করা জরুরি। যে শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ তৈরি করতে পারে না, তা কখনোই প্রকৃত শিক্ষা হতে পারে না।
শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দিয়ে বিএনপি নেতা রিজভী বলেন, ছাত্রজীবনে প্রতিযোগিতায় সফল হওয়ার জন্য কিছুটা ‘ইগো’ বা জেদ থাকা ভালো হলেও তা স্থায়ী করা ঠিক নয়। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পর ইগো পরিহার করে নিজেকে ‘সেলফ-রেসপেক্ট’ বা আত্মসম্মানের দিকে নিয়ে যাওয়া উচিত।
মোহাম্মদপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফরহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বছিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান।
সূত্র: সমকাল

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।