২০০৮ সালের ভোটকেন্দ্রে অপমানের পর করা এক কঠিন প্রতিজ্ঞা—অবশেষে ১৭ বছর পর তা ভাঙলেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের বৃদ্ধ মো. ইনু মিয়া (৮০)।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম-এর উপস্থিতিতে নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে ভাত খেয়ে দীর্ঘদিনের অনশন ভাঙেন তিনি।
জানা যায়, ২০০৮ সালের জাতীয় নির্বাচনের দিন ভোট দিতে গিয়ে লাঞ্ছনার শিকার হন ইনু মিয়া। সেই ঘটনার প্রতিবাদে তিনি শপথ নেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় না আসা এবং তার প্রিয় নেতা শরীফুল আলম সংসদ সদস্য না হওয়া পর্যন্ত তিনি ভাত খাবেন না।
এরপর দীর্ঘ ১৭ বছর তিনি শুধু রুটি, মুড়ি, চিড়া ও কলা খেয়েই জীবন কাটিয়েছেন। পরিবার-পরিজনের শত অনুরোধেও তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসেননি।
অবশেষে তার সেই প্রতিজ্ঞা পূরণ হলে প্রতিমন্ত্রী শরীফুল আলমের উপস্থিতিতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। শত শত নেতা-কর্মী ও এলাকাবাসীর সামনে আবেগঘন পরিবেশে ভাত তুলে দেওয়া হয় ইনু মিয়ার মুখে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, “ইনু মিয়ার মতো ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীরাই দলের শক্তি।” তিনি ইনু মিয়ার জন্য সরকারি সহায়তারও আশ্বাস দেন।
দীর্ঘ প্রতীক্ষার পর এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। কেউ দেখেছেন এক অটল বিশ্বাসের জয়, আবার কেউ বলছেন—এ যেন রাজনীতির প্রতি এক বিরল ভালোবাসার অনন্য উদাহরণ।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।