
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম আদালতে আত্মসমর্পণ করেছেন।
বুধবার (২৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে খুরশীদ আলম আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তার পক্ষে অ্যাডভোকেট শাহিনুর ইসলাম শুনানিতে অংশ নেন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে প্রসিকিউটর সুলতান মাহমুদ জামিনের বিরোধিতা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত খুরশীদ আলমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এদিন মামলার তিনজন সাক্ষী আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন।
এর আগে গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলায় অভিযোগ গঠন করেন। অপরদিকে, আরও তিনটি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ অভিযোগ গঠন করে।
দুদক সূত্র জানায়, মোট ছয়টি মামলার একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জন, আরেকটিতে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাসহ ১৭ জন এবং তৃতীয়টিতে সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনাসহ ১৮ জন আসামি রয়েছেন। বাকি তিন মামলায় শেখ রেহানা, তার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ আরও অনেকে আসামি। আসামিরা বর্তমানে পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
গত জানুয়ারিতে দুদক প্লট বরাদ্দ সংক্রান্ত এই ছয়টি মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসিক প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে অযোগ্য হয়েও প্রত্যেকে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নিয়েছিলেন।
