ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় একাকী বসবাসরত ব্যক্তির মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব মেড্ডা থেকে মাহবুবুর রহমান খান টিটু (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহবুবুর রহমান খান ওই এলাকার মৃত মহিউদ্দিন খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একা বসবাস করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, সর্বশেষ ২৭ অক্টোবর মাহবুবুর রহমান তার বোনের সঙ্গে মোবাইলে কথা বলেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। বৃহস্পতিবার সকালে বোন খবর নিতে ওই বাড়িতে গেলে প্রতিবেশীরা জানান, ঘর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরে পুলিশে খবর দেওয়া হলে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে মাহবুবুর রহমানের মৃত্যু হয়েছে। মরদেহে পচন ধরায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
