ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে জেলা প্রশাসনের কম্বল বিতরণ: উষ্ণতা পেলেন শীতার্তরা

লেখক: মোঃমনির হোসেন
প্রকাশ: ৪ মাস আগে

চলমান শীতকালে রেলস্টেশনে থাকা পথচারী ও অসহায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্রায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান নিজ হাতে এসব কম্বল দুস্থ মানুষের হাতে তুলে দেন। প্রচণ্ড শীতে একটি কম্বল পেয়ে উষ্ণতা ও স্বস্তি অনুভব করেন শীতার্ত মানুষজন।

কম্বল বিতরণ শেষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান বলেন: “আমাদের এই উদ্যোগটি মূলত সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রচেষ্টা।

প্রচণ্ড শীতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করাই আমাদের লক্ষ্য। আমরা চাই এই মানুষগুলো যেন উষ্ণতা ও স্বস্তি পায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

“কম্বল বিতরণ কার্যক্রমে এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ভূইয়া।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।