
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় চেইন চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার ফেদিয়ারকান্দি গ্রামে ঘটে। নিহত যুবকের নাম শাহীন ভূইয়া (২২)। তিনি ওই গ্রামের আক্তার ভূইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের হুমায়ুন মিয়ার আট বছর বয়সী মেয়ে জান্নাত বেগমের গলার চেইন চুরির অভিযোগে শাহীন ভূইয়াকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, জান্নাত বেগমের চাচা লোকমান (পিতা: ইয়াকুব আলী) ভাতিজির চেইন চুরির সন্দেহে শাহীনকে মারধর করেন। একপর্যায়ে তিনি গুরুতর আহত হলে অভিযুক্তরা তাকে বাড়ির পাশের একটি রাস্তায় ফেলে রেখে যান।
পরে স্থানীয়রা শাহীন ভূইয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সরাইল হাসপাতাল মোড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে চাতলপাড় পুলিশ ফাঁড়ির মাধ্যমে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
