​​নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী জিয়াউল হক মৃধা

লেখক: জাকির হোসাইন জিকু
প্রকাশ: ৩ মাস আগে

স্টাফ রিপোর্টার:  ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর আংশিক) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

৮ জানুয়ারী ২০২৬ রোজ রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে জিয়াউল হক মৃধা বলেন, ৫ আগস্ট ২০২৪–পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি দাবি করেন। এমনকি মামলায় উল্লিখিত সময়েও তিনি সংসদ সদস্য পদে অধিষ্ঠিত ছিলেন না বলে উল্লেখ করেন।

তিনি আরও জানান, জাতীয় পার্টি তাকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিলেও আইনি বাধ্যবাধকতার কারণে তিনি স্বশরীরে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। তার পক্ষে দলের নেতা-কর্মীরা মনোনয়নপত্র জমা দেন।

প্রার্থীতা বৈধ ঘোষণার পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে তাকে এবং তার নেতা-কর্মীদের বিভিন্ন মহল থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভয়ভীতি ও গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ কারণে অন্যান্য প্রার্থীদের মতো স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি বলে জানান জিয়াউল হক মৃধা।

এমন প্রতিকূল পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্তের ভিত্তিতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতির শেষাংশে জিয়াউল হক মৃধা তার ভোটার, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন, সাংবাদিক ও দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন এবং নির্বাচনী এলাকার সকল মানুষের নিরাপত্তা, সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন। তিনি সবার কাছে দোয়া ও আশীর্বাদও প্রার্থনা করেন।