হাজারীবাগে নবম শ্রেণির ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা, মূল অভিযুক্ত সিয়াম গ্রেফতার

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ মাস আগে
হাজারীবাগে নবম শ্রেণির ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা, মূল অভিযুক্ত সিয়াম গ্রেফতার

রাজধানীর হাজারীবাগে নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত কিশোর সিয়ামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কাঠালবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র ও রক্তমাখা পোশাক জব্দ করা হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে হাজারীবাগ থানাধীন হায়দার হোটেলের গলিতে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত সোয়া ৯টার দিকে অভিযুক্ত সিয়ামের সঙ্গে হেঁটে ওই গলিতে প্রবেশ করেন বিন্তি। কিছুক্ষণ পর পাশের অন্ধকার গলি থেকে রক্তাক্ত অবস্থায় তার চিৎকার শোনা গেলে স্থানীয়রা ছুটে যান।

প্রতিবেশীরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেন। পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছুরিকাঘাতের পর অভিযুক্ত সিয়ামকে রাস্তায় ধারালো অস্ত্র হাতে অস্বাভাবিক আচরণ করতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত বিন্তি রায়েরবাজার হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা বিল্লাল হোসেন অভিযোগ করেন, সিয়াম দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্যক্ত করে আসছিল।

ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মূল অভিযুক্ত সিয়াম গ্রেফতার
  • হাজারীবাগে নবম শ্রেণির ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা